
Shoyeb Rahman
District Representative
আজ বুধবার রাতে দেশের বিভিন্ন স্থানে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় হতে পারে বলে সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার রাত ৮টার দিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেন।
সতর্কবার্তায় বলা হয়, আজ রাত ৮টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় হতে পারে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী বয়ে যেতে পারে। এ সময় বিচ্ছিন্নভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ ছাড়া এই সময়ে কালবৈশাখীর সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে বিজ্ঞপ্তিতে বলা হয়।
আবহাওয়া অধিদপ্তরের চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, দেশে পাঁচ থেকে সাত দিন হালকা থেকে মাঝারি ধরনের ঝড়বৃষ্টি হতে পারে এবং এক থেকে তিনটি শক্তিশালী কালবৈশাখী বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
গত শুক্রবার (৩ এপ্রিল) দেশের ২৭টি জেলায় তাপপ্রবাহ বয়ে গেলেও পরদিন তা কমে অন্তত ১৫ জেলায় সীমিত থাকে। এরপর থেকে তাপপ্রবাহ ক্রমেই হ্রাস পেয়ে রোববারের পর আর দেশের কোথাও তাপপ্রবাহ দেখা যায়নি। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ঝড়বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কিছুটা সহনীয় রয়েছে।
আবহাওয়াবিদরা জানান, কোনো এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলে সেটিকে তাপপ্রবাহ হিসেবে গণ্য করা হয়।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।